দেশে এখনো বড় এক স্বাস্থ্য সমস্যা যক্ষ্মা। এ রোগে শুধু যে নিম্ন আয়ের মানুষেরাই আক্রান্ত হচ্ছে, তা কিন্তু নয়, যে কারোরই হতে পারে যক্ষ্মা। বিশ্বে প্রতিদিন যক্ষ্মায় মারা যান ৪ হাজার ১০০ জনের বেশি মানুষ। বিশ্বে যক্ষ্মায় আক্রান্ত মোট রোগীর দুই-তৃতীয়াংশ যে আটটি দেশে আছে, তারই একটি বাংলাদেশ। আবার যক্ষ্মা যে শুধু দরিদ্র জনগোষ্ঠীর হয়, তা–ও কিন্তু নয়, সবার মধ্যেই আছে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। বিশেষত শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে গেলে যক্ষ্মার ঝুঁকি বাড়ে। রোগ কিংবা দূষণে ক্ষতিগ্রস্ত ফুসফুসেও আক্রমণ করতে পারে যক্ষ্মার জীবাণু। ডায়াবেটিস, কিডনির রোগ, অপুষ্টি, মদ্যপান, মাদক সেবন, ধূমপান—এসব যক্ষ্মার ঝুঁকি বাড়ায়।
কীভাবে যক্ষ্মা ছড়ায় : যক্ষ্মা বা টিবি একটি বায়ুবাহিত ছোঁয়াচে রোগ। এ রোগ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে ছড়ায় এবং দেহে প্রবেশ করে প্রথমে ফুসফুসে আশ্রয় নেয়। যক্ষ্মায় আক্রান্ত সব রোগীর কাছ থেকেই কিন্তু যক্ষ্মার জীবাণু ছড়ায় না। যাদের থেকে সংক্রমণ ছড়াতে পারে, তাদের হাঁচি-কাশি, এমনকি কথা বলার সময়ও বাতাসে যক্ষ্মার জীবাণু ছড়ায়। এ জীবাণু বেশ কয়েক ঘণ্টা বাতাসে ভেসে থাকে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের সময় সুস্থ ব্যক্তির ফুসফুসে ঢুকে যেতে পারে বাতাসে ভেসে থাকা এ জীবাণু। এভাবেই অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে সংক্রমণ। অপরিশোধিত দুধ পানের মাধ্যমেও যক্ষ্মার জীবাণু ছড়াতে পারে। ঘনবসতি বা আবদ্ধ স্থানে এ জীবাণু অন্যদের মধ্যে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় প্রায় বিনা মূল্যে যক্ষ্মার চিকিৎসা করা হয়। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদেরও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। উপজেলা পর্যায়েও সরকারিভাবে যক্ষ্মার ওষুধ সরবরাহ করা হয়। তাই চিকিৎসার ব্যয় নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। ‘যার হয় যক্ষ্মা, তার নাই রক্ষা’—এ ধরনের কথা এখন অর্থহীন। সঠিক চিকিৎসায় যক্ষ্মা সেরে যায়।
সচেতন হোন: তিন সপ্তাহের বেশি কাশি বা জ্বর, কাশির সঙ্গে রক্তপাত, ওজন হ্রাস, অবসাদ ও ক্লান্তি, ক্ষুধামান্দ্য বা অরুচি, পেটব্যথা, শরীরের কোথাও কোনো অস্বাভাবিক গোটা বা চাকা দেখা দিলে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করুন। দ্রুত রোগ নির্ণয় হলে চিকিৎসা সহজ হয়, শারীরিক জটিলতাও কম হয়।
লেখক: সভাপতি, বাংলাদেশ ইন্টারভেনশনাল পালমোনলোজি, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড স্লিপ সোসাইটি
তথ্যসূত্র : https://www.prothomalo.com/lifestyle/health/যক্ষ্মা-থেকে-রক্ষা-পেতে-হলে
যক্ষ্মারোগের লক্ষণ এবং বিনামূল্যে যক্ষ্মা চিকিৎসা সেবার স্থান বিষয়ক পোস্টার:
http://etoolkits.dghs.gov.bd/sites/default/files/tbid-08.pdf
শিশুর যক্ষ্মা হলে করণীয় বিষয়ক বুকলেট:
http://etoolkits.dghs.gov.bd/sites/default/files/child_tb_booklet_0.pdf
