সাবান নাকি স্যানিটাইজার- কোনটি বেশি কার্যকরী?

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরপরই এই প্রশ্নটি অনেকটা বড় হয়ে সামনে এসেছিল। স্যানিটাইজারের চাহিদা বেড়ে গিয়েছিল বাজারে। অনেকক্ষেত্রে বেশি দাম রাখা হচ্ছিল স্যানিটাইজারের জন্য, আবার কোথাও কোথাও এই জীবাণুনাশকটি পাওয়াও যাচ্ছিল না। অনেকের ধারণা ছিল- স্যানিটাইজারের মাধ্যমেই কেবল হাতের জীবাণু দূর করা সম্ভব।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) জানিয়েছে, হাতকে জীবাণুমুক্ত করতে সাবান দিয়ে হাত ধোয়াটাই বেশি কার্যকরী। তবে যেখানে সাবান ও পানি নেই সেখানে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। জাতিসংঘ শিশু তহবিলও (ইউনিসেফ) একই রকম তথ্য দিচ্ছে।

বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্য বিষয়ক এই প্রতিষ্ঠানগুলো বলছে, স্যানিটাইজার হাতকে সব ধরনের জীবাণু থেকে মুক্ত করে না। হাতে দৃশ্যমান ময়লা বা তেল/চর্বি থাকলে স্যানিটাইজার তেমন কার্যকর নাও হতে পারে। এছাড়া স্যানিটাইজার হাত থেকে কীটনাশক ও ভারী ধাতুর মতো ক্ষতিকর রাসায়নিক দূর করতে পারে না। অ্যালকোহলসমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার করোনাভাইরাস মেরে ফেললেও তা সব ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস নির্মূল করে না। তবে এই সবগুলো ক্ষেত্রেই জীবাণু ধ্বংসে কার্যকরী হচ্ছে সাবান।

সাবান নিয়ে এতো আলোচনার কারণে আপনার কী তাহলে মনে হচ্ছে স্যানিটাইজার একেবারেই সুরক্ষা দেয় না? মোটেও তা নয়। গবেষকরা বলেছেন, সাবান অধিক কার্যকরী। বাংলাদেশে সাবান বা হ্যান্ডওয়াশ সহজে পাওয়া যায় বলে আমরা সেটি নিয়ে আলোচনা করেছি। যেখানে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার সুযোগ নেই, সেখানেই স্যানিটাইজার ব্যাবহার করতে বলেছেন বিজ্ঞানীরা। হাতের তালুতে স্যানিটাইজারের কয়েক ফোঁটা নিয়ে ঘষা দিলও ভাইরাস মরে যায় বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

তথ্য সূত্র https://corona.gov.bd/why-do-we-have-to-wash-hands/

Scroll to Top